মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কিছুটা কম হলেও পরবর্তী সময়ে পর্যাপ্ত বৃষ্টি ও অনুকূল আবহাওয়া থাকায় ধানের আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় মাঠজুড়ে এখন পাকা ধানের সমারোহ। ভালো ফলনের প্রত্যাশায় কৃষকের মুখে ফুটেছে হাসি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে রোপা আমনের ধান দোল খাচ্ছে। সময়মতো বৃষ্টির পানি নেমে যাওয়ায় জমিতে চাষাবাদের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এবার আবাদ লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মধুখালী উপজেলায় ৮ হাজার ৬১০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছরে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ হাজার ৬৬০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর ৮ হাজার ৬৯০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি জমিতে ধান চাষ করেছেন কৃষকরা। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ আবাদ হয়েছে।
মধুখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কৃষক আব্দুল হাই বাঁশী মিয়া বলেন, ‘এ বছর আমি দুই একর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন ধানের আবাদ করেছি। ধানের অবস্থা খুবই ভালো। আশা করছি, এবার ফলন অনেক বেশি হবে।’
উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের কৃষক আব্দুল হাকিম শেখ বলেন, ‘প্রায় চার একর জমিতে রোপা আমন চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় মাঠজুড়ে ধানের ভালো ফলন হয়েছে। এবার উৎপাদন খরচও কিছুটা কম হয়েছে। তাই লাভের আশা করছি।’
মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব ইলাহী বলেন, এ বছর উপজেলায় ব্রি ধান-৮৭, ব্রি ধান-৭৫, ব্রি ধান-১০৩, বিনা ধান-১৭ ও বিনা ধান-২২সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। শুরুতে বৃষ্টিপাত কিছুটা কম হলেও কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমনের আবাদ করেছেন। অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলনের আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৬৯০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ থেকে চাল হিসেবে প্রায় ২৯ হাজার ৫৪৬ মেট্রিক টন উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.