আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভাতশালা গ্রামে এ উপলক্ষে আলোচনা সভা, হাঁটা প্রতিযোগিতা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ। অনিকেত আলাম ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হুসাইন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশফাক উজ্জামান এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রিসার্চ ফেলো মারুফ বরকত।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পরে হাঁটা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ভাতশালার সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে অনিকেত আলাম ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে প্রতি মাসের ৬ তারিখে ভাতশালা ও আশপাশের গ্রামের মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পরিচালনা করে আসছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.