নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শিল্পাঞ্চলে গুজব ও মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর উৎপাদন শুরু না করে বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। মজুরি বৃদ্ধির দাবির পাশাপাশি বৃহস্পতিবারের শ্রমিক বিক্ষোভে আহত এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ, থানা ও জেলা পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিয়ে পরে বেরিয়ে এসে বিক্ষোভ করেন। তাঁদের মধ্যে এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তাঁরা মজুরি বৃদ্ধির দাবিও জানান। একপর্যায়ে মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, সকাল ৯টার দিকে কোনাবাড়ী-পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানা একযোগে ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁদের সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় শনিবারের বিক্ষোভে নতুন করে উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.