আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস দেওয়া তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুহিন ওই গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে। তাঁর বাবা অভিযোগ করেছেন, কেউ তাঁকে হত্যা করে হাত বেঁধে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
পরিবার সূত্রে জানা গেছে, তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে তাঁর ঘরের দরজায় ধাক্কা দেন বাবা অলী উল্লাহ। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তুহিনের বাবা অলী উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের দেখা নেই। শনিবার দুপুরে তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে তাকে হাত বাঁধা অবস্থায় ঝুলতে দেখি। আমার ছেলেকে কেউ হত্যা করে এ অবস্থায় রেখে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.