মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আশিক ওই এলাকার মরহুম আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান আশিক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার তাঁর পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। রোববার খালের অপর পাশে একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে আশিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.