কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। তবে মামলার দুই সাক্ষী জানিয়েছেন, এ মামলা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। এমনকি তাঁদের কী কারণে সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও কোনো ধারণা নেই বলে দাবি করেছেন তাঁরা।
অন্যদিকে মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আসামি আব্দুল হালিম।
রোববার (১৫ নভেম্বর) মামলার দুই সাক্ষী মো. কালাম (৭০) ও মো. হালিমের (৫০) সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মামলার তৃতীয় সাক্ষী লিটন হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মামলার প্রথম সাক্ষী মো. কালাম বলেন, ইদ্রিস আলী বাদী হয়ে শনিবার যে মামলা করেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। রোববার জানতে পেরেছেন, তাঁকে মামলার এক নম্বর সাক্ষী করা হয়েছে। তাঁর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইদ্রিস আলী গ্রাম ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে তেমন যোগাযোগ হয়নি। ইদ্রিস আলী আব্দুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস করতেন বলেও জানান তিনি।
অপর সাক্ষী মো. হালিম বলেন, সকালে জানতে পেরেছেন তাঁকে মামলার সাক্ষী করা হয়েছে। মামলা সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। তিনি সরকারি চাকরি করেন এবং কর্মস্থলের কারণে এলাকার বাইরে থাকেন।
এদিকে মামলার এজাহারে উল্লেখ করা জমি সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে বর্তমানে গবাদিপশুর খাদ্য হিসেবে লিপিয়ার ঘাস চাষ করা হচ্ছে। জমিটিতে কোনো বাড়িঘর বা বসতবাড়ির অস্তিত্ব দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় ওই জমিতে ইদ্রিস আলী পরিবার নিয়ে বসবাস করতেন। ২০২১ সালে আব্দুল হালিমের ভাই ও নুসরাত তাবাসসুমের চাচা মঞ্জু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস। পরে মঞ্জু মাস্টারের মৃত্যুর পর তাঁর ভাই আব্দুল হালিম জমিটির মালিকানা দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
স্থানীয়দের কেউ কেউ জানান, একটি পেঁপে গাছের ফল পাড়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেছিলেন আব্দুল হালিম। ওই মামলায় ইদ্রিস গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে জামিনে মুক্তি পান। স্থানীয়দের দাবি, এরপর থেকে তাঁদের ওপর নানা ধরনের চাপ ও নির্যাতন শুরু হয়। বর্তমানে জমিটি ইদ্রিস আলীর নামে থাকলেও আব্দুল হালিম তা ভোগদখল করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে সাক্ষীদের বক্তব্যের বিষয়ে ভিন্ন দাবি করেছেন মামলার বাদী ইদ্রিস আলী। তিনি বলেন, মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেই তাঁদের সাক্ষী করা হয়েছে। এখন তাঁরা কেন অস্বীকার করছেন, তা বুঝতে পারছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁদের বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করা হয়। একপর্যায়ে নিজেদের কেনা জমি থেকেও তাঁদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইদ্রিস আলী বলেন, ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে হওয়ায় এতদিন কোনো পদক্ষেপ নিতে পারেননি। বর্তমানে অন্যের জমিতে বসবাস করছেন। নিজের কেনা জমিটুকু ফিরে পেতেই মামলা করেছেন।
ইদ্রিস আলীর স্ত্রী মিনারা খাতুন, ছেলে রবিউল ইসলাম ও তাঁর স্ত্রীও জমি ফিরে পাওয়ার জন্য মামলা করেছেন বলে জানান।
গত শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। মামলায় আব্দুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন ইদ্রিস আলী। জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর আব্দুল হালিম ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রীকে মারধর এবং তিনটি খাট ও ১০ বান্ডিল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের অভিযোগও করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর বিচার চাইতে গেলে উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, তাঁর কেনা জমি দখল করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে পরিবার নিয়ে এলাকা ছাড়েন তিনি। দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকায় মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন।
অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম বলেন, শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইদ্রিস আলীর করা মামলার বিষয়ে জানতে পেরেছেন। তাঁর দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, ইদ্রিস আলী বিগত সরকারের আমলে বাগোয়ান এলাকায় বসবাস করতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তাঁরা পরিবারসহ ঢাকায় ছিলেন। ২০২৪ সালের ১৭ আগস্ট বাড়িতে ফিরে জানতে পারেন, ৫ আগস্টের পর ৬ বা ৭ আগস্ট রাতে ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বাড়িঘর ভাঙচুর করে এলাকা ছেড়ে চলে গেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে দাবি করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.