শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একটি কোল্ড স্টোরের পুকুর থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ২০ মণ বুলেট মা মাছ লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে প্রাণনাশের হুমকি ও তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় মোজাহার আলী কোল্ড স্টোরের পুকুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোল্ড স্টোরের নিরাপত্তাকর্মী মো. আয়নাল হক (৭০) শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ১২ থেকে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা একটি পিকআপ নিয়ে কোল্ড স্টোরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে পুকুর থেকে মাছ ধরে পিকআপে তুলে নিয়ে যান। এ সময় বাধা দিলে নিরাপত্তাকর্মী আয়নাল হককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.