যশোর প্রতিনিধি
চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬১টি খুন হয়েছে যশোর জেলায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাগেরহাট, যেখানে খুন হয়েছেন ৪০ জন। অন্যদিকে ৩৬টি হত্যাকাণ্ড নিয়ে চতুর্থ স্থানে রয়েছে খুলনা জেলা। একই সময়ে বিভাগে ৩০২ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৭৮টি।
শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে যশোরে ৬১টি, বাগেরহাটে ৪০টি, কুষ্টিয়ায় ৩৯টি, খুলনায় ৩৬টি, ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে আটটি হত্যাকাণ্ড ঘটেছে।
তবে এ পরিসংখ্যানে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আওতাধীন আটটি থানা এলাকার ৩৬টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত হয়নি। রেঞ্জ পুলিশের আওতাভুক্ত না হওয়ায় এসব তথ্য খুলনা জেলা পুলিশের পরিসংখ্যানে নেই বলে জানানো হয়েছে।
একই সময়ে খুলনা বিভাগে ৯৭৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন ৩০২ জন নারী ও শিশু, যাঁদের মধ্যে ৯৩ জন শিশু। এসব ঘটনায় মামলা হয়েছে এবং অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে প্রথম ১০ মাসে পুলিশ ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ২৭টি বিদেশি পিস্তল, পাঁচটি দেশি পিস্তল, পাঁচটি দেশি রিভলবার, চারটি বিদেশি রিভলবার, ৪৩টি ওয়ানশুটার গান, ১৪টি পাইপগান, পাঁচটি এয়ারগান, একটি ডাবল ব্যারেল বন্দুক, ২০টি বন্দুক ও একটি অন্যান্য অস্ত্র।
পুলিশের কর্মকর্তারা বলছেন, খুলনা ও বাগেরহাটে অপরাধের ধরন ও পরিস্থিতি নিয়ে আলাদা উদ্বেগ রয়েছে। বাগেরহাটে ছিনতাইয়ের ঘটনা এবং খুলনায় চাঁদাবাজি নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। খুলনায় চাঁদাবাজির ভয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা এবং এলাকা ছেড়ে যাওয়ার ঘটনাও ঘটছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বছর চাঁদাবাজদের হুমকিতে ১১ জন চিকিৎসক দেশ ছেড়েছেন বলেও দাবি করা হয়েছে। তাঁদের কাছে এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে।
খুলনার বিভিন্ন থানার সীমান্তবর্তী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন থানার সীমান্তবর্তী নির্জন এলাকায় নারী ও পুরুষের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১৩ নভেম্বর রামপালে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বলেন, বিভাগে হত্যাকাণ্ডের সংখ্যায় যশোর শীর্ষে থাকলেও আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে খুলনাকে ঘিরে। রেঞ্জ পুলিশের নিয়মিত সভা হচ্ছে। সেখানে তদন্ত কর্মকর্তাদের মামলার শতভাগ মান বজায় রেখে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তদন্তের মান যথাযথ না হওয়ায় কিছু ক্ষেত্রে আসামিরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন। পরে তাঁরা আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলায় আগের সময়ের মতো রাজনৈতিক হত্যাকাণ্ড নেই। অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের বিষয় রয়েছে। তবে সব হত্যাকাণ্ডকেই গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.