মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে মা-বাবার স্নেহ-ছায়াহীন এতিম দুই ভাই-বোনের পাশে দাঁড়িয়েছেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। অসহায় শিশু দুটির হাতে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান তুলে দিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন তিনি। একই সঙ্গে শিশু দুটির লেখাপড়া, ভরণপোষণ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেছেন।
সহায়তা পাওয়া শিশু দুটি হলো মোছা. সাথী (১৪) ও তার ছোট ভাই শফিউল্লাহ ইসলাম সাব্বির (৭)। তাদের বাবা সাইদ আলী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাদের মা-ও অন্যত্র চলে যাওয়ায় বর্তমানে অভিভাবকহীন অবস্থায় রয়েছে তারা। দুই ভাই-বোনের বাড়ি মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিনিতলা খানপাড়া এলাকায়।
শিশু দুটির অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা। তিনি ব্যক্তিগত উদ্যোগে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রতি শিশু দুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের নিয়মিত লেখাপড়া, ভরণপোষণ, নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিশেষ করে মা-বাবার স্নেহ-ছায়া থেকে বঞ্চিত শিশুদের ভবিষ্যৎ নিরাপদ করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। তাদের শিক্ষা ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
স্থানীয় সচেতন মহল তাঁর এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, নিজ ইউনিয়নের বাইরে অন্য ইউনিয়নের এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তবে শিশু দুটির দীর্ঘমেয়াদি সহায়তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, সাথী ও সাব্বিরের অনিশ্চিত ভবিষ্যৎ নিরাপদ করতে উপজেলা প্রশাসন, সংসদ সদস্যসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে আসবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.