জয়পুরহাট প্রতিনিধি
শীতের আগমনের সঙ্গে সঙ্গে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বাড়ির পতিত আঙিনা ও উঠানে শীতকালীন সবজি চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তাঁরা। এতে একদিকে যেমন অব্যবহৃত জমির সদ্ব্যবহার হচ্ছে, অন্যদিকে স্বাবলম্বী হওয়ার পথও তৈরি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়াপাড়া, মাঝিপাড়া, পুরানাপৈল এবং পৌর শহরের শাপলানগর, বুলুপাড়া ও বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গা ও উঠানে নানা ধরনের শীতকালীন সবজি চাষ করা হচ্ছে। এসব বাগানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, বিটরুট, লালশাক, পালংশাক, টমেটো, গাজর, ধনেপাতা, ডাঁটা, পেঁয়াজ, কলমিশাক, নাফাশাক, রসুন, মুলা, স্কোয়াশ, শিম, মটরশুঁটি ও লাউসহ বিভিন্ন সবজি উৎপাদিত হচ্ছে। ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে বিষমুক্ত পদ্ধতিতে চাষ করায় এসব সবজির ফলনও ভালো হয়েছে।
পৌর শহরের সবুজ নগর এলাকার বাসিন্দা মোস্তাকিম হোসেন বলেন, ‘নিজের হাতে সবজি চাষ করার আলাদা একটা ভালো লাগার বিষয় আছে। বাড়ির সামনের জায়গা ফেলে না রেখে তাই সবজি চাষ করেছি।’
সদর উপজেলার বানিয়াপাড়ার কৃষক নয়ন হোসেন জানান, বাড়ির সামনের আঙিনা আগে পতিত পড়ে থাকত। সেখানে সবজি চাষ করে ভালো ফলন পেয়েছেন। এতে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ও হচ্ছে।
মাঝিপাড়া এলাকার নাঈম হাসান বলেন, ‘বাড়ির সামনের আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারেও বিক্রি করছি।’
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, বাড়ির উঠানে সবজি চাষ মূলত শখের বিষয়। তবে বাড়ির আশপাশের পতিত জমি সঠিকভাবে কাজে লাগাতে পারলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বড় ভূমিকা রাখা সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.