নওগাঁ প্রতিনিধি
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে লগি-বৈঠার আন্দোলনে মানুষ হত্যার পর নৃত্য করার ঘটনার সঙ্গে তুলনা করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত র্যালি ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘গোপালগঞ্জে যে তাণ্ডব হলো, এই তাণ্ডব আমাদের মনে করিয়ে দেয় লগি-বৈঠার আন্দোলনের তাণ্ডবের কথা, মানুষকে মেরে নৃত্য করার তাণ্ডবের কথা। গতকাল গোপালগঞ্জে নির্বিচারে বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে দেশবাসীকে এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে সারা দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও কারখানায় আগুন দেওয়ার ঘটনা দেশবিরোধী ষড়যন্ত্র। এসব কর্মকাণ্ড দেশের অর্থনীতিকে পঙ্গু করার অপচেষ্টা। গার্মেন্টস শিল্প দেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাত উল্লেখ করে তিনি বলেন, এ শিল্প ধ্বংসের ষড়যন্ত্র শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
উপাচার্য বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের দায়িত্ব জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যে দলেরই হোক, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া উচিত নয়।
সমাবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের প্রভাষক সানজিদা কবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.