গাজীপুর প্রতিনিধি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের (ভিসি) দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। বিকেল ৩টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করেন। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাঁর দপ্তরে অবরুদ্ধ ছিলেন। এ সময় আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও তাঁদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাঁদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। এ ছাড়া সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।
বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাঁদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চাকরিতে পুনর্বহাল হলেও তাঁরা এখনো প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না।
তাঁরা আরও বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। তাই বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এ দাবিতে রোববার থেকে তাঁরা আন্দোলন শুরু করেছেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা রয়েছেন।
উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাঁদের পুনর্বহালের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.