নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় নৌকায় বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রশীদ ওরফে কালু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার অপর আসামি পুষ্কর পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী মহাদেবপুর উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার খেতে বাড়ির উদ্দেশে রওনা হয় সে। আয়াপুর-পাঠাকাটা ঘাট থেকে একটি নৌকায় ওঠে। নৌকাটি আত্রাই নদীর মাঝামাঝি পৌঁছালে পুষ্কর পেছন থেকে তাকে জাপটে ধরে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রশীদ ওরফে কালু তাঁকে সহযোগিতা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর মা তাসলিমা বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি রশীদ ওরফে কালুকে গ্রেপ্তার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.