জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার মাঠজুড়ে এখন সোনালি আমন ধানের সমারোহ। কোথাও ধান কাটছেন কৃষক, কোথাও চলছে আঁটি বাঁধা, মাড়াই ও শুকানোর কাজ। ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকেরা। মৌসুমের শুরুতে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১ হাজার ১২০ থেকে ১ হাজার ১৫০ টাকায় নেমেছে।
উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে ধানের দাম কমে যাওয়ায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কালাই পাঁচশিরা, পুনট, মোলামগাড়ী, নুনুজ ও হাতিয়রসহ বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১২০ থেকে ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলার কৃষক মুমিনুল হক বলেন, বৃষ্টির অভাবে মৌসুমের বিভিন্ন সময়ে জমিতে পানির সংকট দেখা দিয়েছে। অনেক জমিতে সেচ দিতে হয়েছে। তিনি পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। সার ও কীটনাশকের দাম বেশি, পাশাপাশি উচ্চ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া কঠিন। এমন পরিস্থিতিতে ধানের ন্যায্য দাম না পেলে কৃষকেরা কীভাবে টিকে থাকবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই কৃষক।
আরেক কৃষক আব্দুল আলিম চৌধুরী বলেন, জমি প্রস্তুত, সার, বীজ, কীটনাশক ও সেচের পেছনে আগে থেকেই অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার সময় শ্রমিকের মজুরিও বেড়েছে। ধান ঘরে তুলতে গিয়ে খরচ আরও বাড়ছে। বাজারে ন্যায্য দাম না পেলে এত পরিশ্রম করেও লাভের মুখ দেখা কঠিন হবে।
হাতিয়র বাজারের ধান ব্যবসায়ী এনামুল বলেন, গত মৌসুমের ধান ও চাল এখনো মজুত রয়েছে। মিলাররাও নতুন ধান কেনা শুরু করেননি। এ কারণে বাজারে ধানের দাম নিম্নমুখী।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ বলেন, এ বছর আমনের আবাদ ভালো হয়েছে। মাঠের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ধানের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু এলাকায় রোগবালাই ও পানির সংকটের কারণে ক্ষতি হলেও প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপনার মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.