গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানার ১৫টির বেশি স্থানে অভিযান চালানো হয়। এতে যৌথ বাহিনীর চারটি দল ও রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন মিছিল-সমাবেশে লোকসমাগম সংগঠিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে, অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া মুকসুদপুর থেকে আটক শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের অভিযোগ রয়েছে। তাঁদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা সাতটি মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.