কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।
উপজেলা হাসপাতাল গেটের পূর্ব পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী চোখের অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা এস এম নেছার উদ্দিন উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিষ্ঠানটি পাঁচ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে হাসপাতালটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি সব সময় সচেষ্ট। দরিদ্র রোগীদের বিনামূল্যে এবং সামর্থ্যবানদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
স্থানীয়দের মতে, হাসপাতালটির এ উদ্যোগ এলাকার দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসাসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.