চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের চারঘাট প্রতিনিধি মোজাম্মেল হক। সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রাজশাহী প্রতিদিনের চারঘাট পৌর প্রতিনিধি আমিনুল হক।
সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে চারঘাট উপজেলা প্রেসক্লাব আজ একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনে পরিণত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনটি ভূমিকা রেখে আসছে। আগামীতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশের রাজশাহী ব্যুরো প্রধান বিজয় কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মৌসুমী দাস, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দৈনিক রাজশাহী প্রতিদিনের স্টাফ রিপোর্টার এ এস সুমন এবং প্রচার সম্পাদক এম এম জিয়াউল হক জুয়েল।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি ও সাধারণ মানুষের অধিকার তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত ঐক্য বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এবং চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সহকারী কমিশনার (ভূমি) বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যদিকে, ওসি সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৭ নভেম্বর চারঘাট উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.