মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে উত্তম মৎস্যচাষ পদ্ধতি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ‘গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী গোলাম মোস্তফা।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর। এ ছাড়া বক্তব্য দেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক প্লাবন সরকার।
প্রশিক্ষণে মৎস্যচাষিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, পুকুরের পরিবেশ ও পানির গুণগত মান বজায় রাখা, মাছের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, উত্তম মৎস্যচাষ পদ্ধতি অনুসরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, চাষের পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনে চাষিদের সচেতন ও দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথি আ.ন.ম. আশরাফুল কবীর বলেন, নিরাপদ মাছ উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদের পাশাপাশি উত্তম মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া মৎস্যচাষিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা মাছ চাষের অন্যতম ব্যয়বহুল উপকরণ বিদ্যুৎ বিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। চাষিদের দাবি, কৃষকদের কৃষি সেচে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে যেভাবে বিশেষ সুবিধা ও ভর্তুকি দেওয়া হয়, একইভাবে মাছ চাষে ব্যবহৃত বিদ্যুতের বিলেও ভর্তুকি অথবা বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করতে হবে।
তাঁদের মতে, বিদ্যুতের ব্যয় কমানো গেলে মাছ উৎপাদন খরচ কমবে এবং চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন। পাশাপাশি দেশের মৎস্য উৎপাদন সম্প্রসারণেও তা ভূমিকা রাখবে।
মৎস্যচাষিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাঁদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরার মধ্য দিয়ে নিরাপদ মৎস্য উৎপাদন এবং আধুনিক চাষাবাদ নিয়ে প্রশিক্ষণে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.