নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ ছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। একই র্যাঙ্কিংয়ে বিশ্বে ৯৩১তম ও এশিয়ায় ৩২২তম স্থান অর্জন করেছে গাকৃবি। পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কিউএস তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসংক্রান্ত কার্যক্রম বিবেচনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ অর্জন উপাচার্য ও আন্তর্জাতিক ‘হুজ হু’ পুরস্কারপ্রাপ্ত মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতিফলন।
এর আগে, দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় গাকৃবি।
আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়েও সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি এসডিজি-১ (দারিদ্র্য বিমোচন), এসডিজি-২ (ক্ষুধামুক্তি) ও এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে যথাক্রমে বিশ্বে ৮২তম, ৬৬তম এবং ১০১-২০০-এর মধ্যে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া, টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, “এ অর্জন গাকৃবি পরিবারের সম্মিলিত নিষ্ঠা ও প্রচেষ্টার ফসল। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সুদৃঢ় করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী করার মাধ্যমে গাকৃবিকে বিশ্বের শীর্ষ ১০০-২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে প্রতিষ্ঠিত করাই আমাদের আগামী দিনের লক্ষ্য।”
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.