ঝালকাঠি প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় বসতবাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ। অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা গেছে, জর্দা শামীম গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্টদের দাবি, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।
উল্লেখ্য, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৮।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.