আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন রোধ এবং বেকারিশিল্পে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে একটি বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। এ সময় বিএসটিআইয়ের পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. আশিকুর রহমান এবং আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।
অভিযানকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রিয়াদ বেকারি পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রেজাউল করিম। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে বেকারিটির উৎপাদন কার্যক্রম নতুন করে শুরু হয়েছে বলে জানা যায়। পরিদর্শনে কারখানার পরিবেশ সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়নি।
অন্যদিকে, একই ওয়ার্ডের মিঠা বাজার-সংলগ্ন বিসমিল্লাহ বেকারিতে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও কারখানার পরিবেশ যথাযথ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করে খাদ্যপণ্যের মান উন্নয়ন এবং উৎপাদনস্থলের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বেকারির শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। উৎপাদনকাজে নির্ধারিত পোশাক ও মাথায় ক্যাপ ব্যবহার এবং কারখানার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
এর আগে সকাল ১১টার দিকে মহাসড়ক আইন, ২০২১-এর ১৪ ধারা অনুযায়ী সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই চালককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, “মহাসড়কের শৃঙ্খলা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, উৎপাদনপ্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.