সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে শহীদ মুক্তিযোদ্ধা দুই সহোদর আহম্মদ হোসেন ও মহম্মদ হোসেনের শাহাদাতবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তাঁরা। দিবসটি পালন উপলক্ষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শহীদ দুই মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার নাগড়িপাড়া গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা মহম্মদপুরের টিটিডিসি ভবনে (বর্তমান উপজেলা পরিষদ) ক্যাম্প স্থাপন করে। সেখান থেকে উপজেলার বিভিন্ন গ্রামে লুটপাট, সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালানো হতো। ওই ক্যাম্প দখলের লক্ষ্যে মুক্তিযোদ্ধারা আক্রমণের সিদ্ধান্ত নেন।
১৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা ক্যাম্পে আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে তুমুল গুলিবিনিময় শুরু হয়। এ সময় একটি গুলি আহম্মদ হোসেনের মাথায় বিদ্ধ হয়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই মহম্মদ হোসেন এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। একপর্যায়ে যুদ্ধক্ষেত্রেই শহীদ হন দুই সহোদর। পরে তাঁদের মরদেহ নাগড়িপাড়া গ্রামে দাফন করা হয়।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে ১৯ নভেম্বরকে মহম্মদপুরের শহীদ দিবস হিসেবে সরকারি স্বীকৃতি ও ঘোষণার দাবি জানিয়ে আসছেন। তবে এখনো এ দাবি বাস্তবায়িত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.