এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্তবর্তী মথুরা বিলের একটি মৎস্যঘের থেকে আনসার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘেরের বাঁধের পাশে পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কেশবপুর থানা পুলিশ ও যশোর সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা খায়রুল খাঁ জানান, সকালে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা মরদেহটি ঘেরের কর্মচারী আনসার আলীর বলে শনাক্ত করা হয়। তিনি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১৮ দিন আগে ঘেরের দেখাশোনার দায়িত্ব নিয়ে সেখানে কাজ শুরু করেছিলেন তিনি।
ঘেরের মালিক এরশাদ আলী জানান, আনসার আলীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে। প্রায় ১৮ দিন আগে স্থানীয় একটি বাজার থেকে তাঁকে ঘের পাহারার কাজে নিয়োগ দেওয়া হয়। গতকাল দুপুর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে ঘেরের বাসায় তাঁর মোবাইল ফোন পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান।
যশোর সিআইডির পরিদর্শক মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘেরে কাজ করার কোনো একসময় পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, নাকি পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.