ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত বাস দুটি হলো বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে সড়কের একটি বাঁকে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের এক হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাসের চালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.