চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি এবং ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
তিনি বলেন, চারঘাট উপজেলায় সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সারের সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এমপি আবু সাইদ চাঁদ আরও বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক, চারঘাট সীমান্তের বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হক, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুস সালেক (আদিল), চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.