কুবি প্রতিনিধি
কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে চালকের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বিশ্বরোড পার হয়ে কোটবাড়ি এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি বাসটির সামনে টায়ার ফেলে বাধা সৃষ্টি করেন। পরে টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি। এ সময় বাসের শিক্ষার্থীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাসচালক মো. শফিক জানান, দুর্বৃত্তদের কর্মকাণ্ড বুঝতে পেরে তিনি দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে শিক্ষার্থীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বলেন, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বাসটি অক্ষত রয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হননি। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.