বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের পর ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়ার একপর্যায়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি বাসও ভাঙচুর করা হয়।
হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
এদিকে, একই রাতে লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বানে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব তুহিন মৃধা ও যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরের নেতৃত্বে পৃথক একটি মিছিল বের করা হয়।
আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহা বলেন, আগামীকালের লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনতেই লকডাউনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচি সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.