যশোর প্রতিনিধি
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং তাঁর সহকারী (হেলপার) হৃদয় (৪০) ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে একটি গাড়ির বডিতে আঘাত করে এবং অন্যটি খোলা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।
খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাঁর সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তাঁর অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। হামলায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.