মো. এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নবনির্মিত নারায়ণপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+।
এ সময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলফামারী ব্যাটালিয়ন প্রায় ১৪১ দশমিক ৮৭৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নারায়ণপুর বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। খিরোড ও ধামেনরহাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
সীমান্তে মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ বিওপি প্রতিষ্ঠার ফলে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারায়ণপুর বিওপি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.