কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এতে উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা চত্বরে জড়ো হন। পরে সেখানে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।
উপজেলার কলাবাড়ি, সাদুল্লাপুর, রামশীল, বান্ধাবাড়ী, শুয়াগ্রাম, আমতলী, হিরণ, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ ও কান্দি ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অন্যদিকে, লকডাউন কর্মসূচি সফল করতে উপজেলার মাঝবাড়ী, ওয়াপদারহাট, মনসাবাড়ী, রাধাগঞ্জ ও ভাঙ্গারহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
কর্মসূচির কারণে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে লকডাউন কর্মসূচি পালন করছেন।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাটবাজার বন্ধ থাকাসহ স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.