নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ টাকা। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি শুরু করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার খড়িবাড়ি বাজারসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে পৃথক অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে আঘোর বাজারের মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খড়িবাড়ী বাজারের মেসার্স সিমা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ২০০ বস্তা এবং সাদাপুর খড়িবাড়ী বাজারের মেসার্স বুলবুল ট্রেডার্স থেকে আরও ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দ করা সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.