কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী উপজেলায় আড়াই মাসে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের মাদক, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর মাস থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলায় ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৯৪ কেজি ২৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার, ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১ কেজি ৬০৮ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩০ হাজার ৫৬৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
এ ছাড়া বুধবার গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বিজিবি। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে ৪৭ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.