জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা খারিজ হওয়ার পর এবার সেই মামলার বাদী মোছা. চম্পা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে পল্লী চিকিৎসক তানজির আহম্মেদ সাকিবের দায়ের করা পাল্টা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, কালাই উপজেলার মান্দাই গ্রামের বাসিন্দা চম্পা বেগম ২০২৫ সালের ১ ডিসেম্বর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (পিটিশন মামলা নং-১১৭/২০২৫) একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ১৫ নভেম্বর দুপুরে মোসলেমগঞ্জ বাজারে তেলিহার গ্রামের পল্লী চিকিৎসক মো. তানজির আহম্মেদ ওরফে সাকিবের ফার্মেসিতে ওষুধ কিনতে ও রক্তচাপ মাপতে গেলে দোকানের শাটার নামিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।
আদালতের নির্দেশে কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। তদন্ত শেষে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তী সময়ে বাদী আদালতে উপস্থিত না থাকায় এবং অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ২০২৬ সালের ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের বিচারক হাবিবা মণ্ডল মামলাটি খারিজ করে দেন।
এদিকে, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন দাবি করে পল্লী চিকিৎসক তানজির আহম্মেদ সাকিব বাদী হয়ে একই ট্রাইব্যুনালে চম্পা বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.