মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পিবিআই। গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ছয় দিন পর ১৭ নভেম্বর সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার একটি আকাশমণি বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। ১৮ নভেম্বর দায়ের করা মামলাটির তদন্তভার ১৯ নভেম্বর স্ব-উদ্যোগে গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। পরে তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন।
তদন্তে পিবিআই জানতে পারে, নিহত আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রেখেছিলেন। আলমগীরের অজান্তে ওই স্বর্ণালঙ্কার থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তাঁরা। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে স্থানীয়ভাবে সালিস হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই।
পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁকে কালিরনগর এলাকায় নিয়ে মারধর করেন। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে তাঁরা পালিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.