নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র, আরও গভীর হয়েছে। স্কুল-কলেজের ছাত্রদের বুকে গুলি চালিয়ে সিংহাসন টিকিয়ে রাখতে চাওয়া আওয়ামী লীগ পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে।’
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে তাঁদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, এ দেশের গণতন্ত্রকামী মানুষ, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাঁদের রক্ত এখনো ঝরাচ্ছে ফ্যাসিবাদের অনুসারীরা। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে লড়াই করেছে। সেই লক্ষ্য নিয়েই দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এ দেশে আর কারও মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হন, কোনো বোন যেন ভাইহারা না হন—সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.