নওগাঁ প্রতিনিধি
‘গলার কাঁটা হাসিনাকে বের করার জন্য ভারত সরকার ব্যস্ত। তবে আমরা মাফিয়া হাসিনাকে ফেরত চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে হস্তান্তর করতে হবে। এরপর তাঁর ফাঁসির রায় কার্যকর করতে হবে।’
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁর বদলগাছীতে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধ। ভারতীয় দালালদের বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। সন্ত্রাসীদের এ দেশের মাটিতেই বিচার করা হবে। দেশের মানুষ বুঝে গেছে, আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস ও পেট্রোল-সন্ত্রাসের দল। জাতীয় নির্বাচনে দেশে কোনো প্রাণহানি না হলেও শেখ হাসিনার দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.