কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন টোকাই সুমন (৪০) ও ভাঙারি দোকানদার রুহুল আমিন (৪০)। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে এবং রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
আহত সুমনের দাবি, সকালে বোতল ও জর্দার কৌটা কুড়িয়ে একটি বস্তায় ভরে রিকশায় করে মজমপুর রেলগেটে যান। পরে সেগুলো পাশের একটি ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে যান। এ সময় বস্তাটি ওজন করার জন্য তুললে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল। সুমন কোথা থেকে বস্তুটি পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত দুজনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.