মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আকাশ থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিভেজা কাদামাখা মাঠে মাছ ধরতে ব্যস্ত একদল শিশু। কারও হাতে ধরা পড়েছে ছোট মাছ, কেউ আবার কাদার মধ্যে হাত ডুবিয়ে খুঁজছে মাছ। মাছ পেলেই উচ্ছ্বাস, হাসি-ঠাট্টা আর আনন্দে মেতে উঠছে তারা। গ্রামবাংলার শৈশবের চিরচেনা এমন দৃশ্য দেখা গেছে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামে।
শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টির মধ্যে গ্রামের মাঠে শিশুদের মাছ ধরতে দেখা যায়। কেউ কাদা ঘেঁটে মাছ খুঁজছে, কেউ ধরা মাছ ছোট পাত্রে জমা করছে। কে বেশি মাছ ধরতে পারে, কার মাছ বড়—এ নিয়ে চলছে ছোটখাটো প্রতিযোগিতা ও খুনসুটি। কাদায় মাখামাখি হলেও আনন্দে কমতি নেই তাদের।
শিশু সিহাব বলে, “আমরা কয়েকজন মিলে মাছ ধরতে এসেছি। কে বেশি মাছ ধরতে পারে, তা নিয়ে প্রতিযোগিতা করি। মাছ ধরতে আমাদের খুব ভালো লাগে।”
আরেক শিশু রুদ্র বলে, “ছোট মাছ হলেও ধরতে পারলে ভালো লাগে। মাছগুলো পাত্রে রাখি, পরে বাড়িতে নিয়ে যাই।”
বৃষ্টি, কাদামাটি আর বন্ধুদের সঙ্গে মাছ ধরার আনন্দে মেতে থাকা শিশুদের এই আয়োজন গ্রামীণ জীবনের সরলতা ও শৈশবের নির্মল আনন্দের এক চিরচেনা ছবি তুলে ধরেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.