যশোর প্রতিনিধি
বোতল বা খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ হলেও যশোরে অবাধে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। শহরের অলিগলি থেকে শুরু করে মহাসড়কের পাশের দোকানেও কোমল পানীয়ের প্লাস্টিকের বোতলে মিলছে এসব জ্বালানি। ক্রেতার পরিচয় যাচাই ছাড়াই চলছে বিক্রি। এতে জ্বালানি তেল নাশকতা ও অগ্নিসংযোগের কাজে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।
গত কয়েক দিন যশোর শহরের বিভিন্ন এলাকা ও সদর উপজেলার মহাসড়কসংলগ্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকান, মোটরসাইকেল মেরামতের দোকান এবং সড়কের পাশের টং দোকানে প্লাস্টিকের বোতলে পেট্রোল বিক্রি হচ্ছে। ক্রেতারা কোনো পরিচয় বা কারণ না জানিয়েই এসব দোকান থেকে জ্বালানি কিনতে পারছেন। পাম্পের তুলনায় প্রতি লিটারে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এসব তেল।
নাম প্রকাশ না করার শর্তে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক খুচরা বিক্রেতা জানান, তাঁরা পাম্প থেকে গ্যালনে তেল এনে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল চালকদের কাছে ছোট বোতলে বিক্রি করেন। বোতলে তেল বিক্রিতে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
নিয়ম অনুযায়ী, জেনারেটর বা জরুরি প্রয়োজনে খোলা পাত্রে জ্বালানি তেল নিতে হলে পুলিশ স্টেশনের নিরাপত্তা ছাড়পত্র এবং পাম্পের রেজিস্ট্রারে ক্রেতার নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণের কথা। কিন্তু কয়েকটি পাম্পে খোঁজ নিয়ে দেখা গেছে, রেজিস্ট্রার খাতা থাকলেও নিয়ম মানার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কিছু পাম্পকর্মী সাধারণ বোতল ও গ্যালনেও তেল সরবরাহ করছেন।
সরকারি খুচরা মূল্য অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা ও পেট্রোল ১৬০ টাকা। তবে খোলাবাজারে অকটেন ১৮০ থেকে ১৮৫ টাকা এবং পেট্রোল ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
যশোর জেলায় অনুমোদিত ফিলিং স্টেশন রয়েছে ৮৩টি। তথ্য অনুযায়ী, প্রতিটি পাম্পে দৈনিক পেট্রোল ও অকটেনের চাহিদা ২৫০ থেকে ৩০০ লিটার।
স্থানীয় গাড়িচালক মিনহাজ হোসেন ও মোবাইল ফোন ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে যে কেউ সহজেই বোতলে পেট্রোল কিনতে পারলে তা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি রয়েছে। পাশাপাশি জনবহুল এলাকায় প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ মজুত ও বিক্রি বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কাও তৈরি করছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক সমিতির খুলনা বিভাগীয় কোষাধ্যক্ষ এবং যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিদুল হক তোতন বলেন, প্রতিটি পাম্পকে বোতল বা খোলা পাত্রে তেল বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করে তেল নিয়ে পরে তা বের করে খুচরা দোকানে বিক্রি করছেন। তবে ফিলিং স্টেশন থেকে ড্রাম ভর্তি করে জ্বালানি তেল সংগ্রহের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে তেল বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, অনুমোদনহীন দোকানে কিংবা পাম্পে নিয়মবহির্ভূতভাবে খোলা পাত্রে তেল বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.