স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বেন্দারচর ও বড়দিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ বিশ্বাস, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীম এবং ছাত্রলীগ নেতা জোবায়ের চৌধুরী ও আনিচুর রহমান চৌধুরীর বাড়ি। এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান ওসি খানের বড়দিয়া বাজারের দোকানেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বে ধারণকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ জানায়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং এ ঘটনায় কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সাবেক কমিশনার ও হিন্দু সম্প্রদায়ের নেতা অশোক ঘোষ এবং বড় কালিয়া গ্রামের ঘোষপাড়ার গোপি ঘোষ ও রাখী ঘোষ জানান, তাঁদের কোনো সমস্যা হয়নি। তাঁদের বাড়িঘরের কোনো ক্ষয়ক্ষতি বা তাঁদের ওপর কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি। তাঁরা শান্তিতে ও নিরাপদে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয় বলেও জানান তাঁরা।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেগুলো সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই থানার ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাবেক সংসদ সদস্যের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন তাঁরা। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। তাঁদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.