দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে পরিচয়ের মাত্র ২০ দিনের মাথায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবক ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে কিশোরীকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় অংশ নিতে যায় ওই কিশোরী। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, অভিযুক্ত যুবক কিশোরীকে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন।
এজাহারে আরও বলা হয়, ফেসবুকে পরিচয়ের পর ওই যুবক নিজের বাড়ি ও গাড়ি থাকার কথা বলে কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখাতেন। পরদিন শুক্রবার সকালে পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়িতে গিয়ে কিশোরীর বিষয়ে জানতে চাইলে যুবকের মা তাঁর ছেলের সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়ার কথা বলেন।
এ ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৬)-এর ৭/৩০ ধারায় বিরামপুর থানায় মামলা হয়েছে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় হোসেন জিদ্দি (২২) ও তাঁর মা সুলতানা বেগমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনা শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং অভিভাবকদের সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন যোগাযোগ, মিথ্যা পরিচয় ও নানা প্রলোভনের বিষয়ে সন্তানদের সচেতন করার পাশাপাশি তাদের অনলাইন কার্যক্রমের খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.