নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন।
তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না; একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলাসহ দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্যসচিব ইব্রাহিম প্রধান, সালাহ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সদস্যসচিব হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.