কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা এনসিপি কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব আবু রেজা মো. আবদুল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লাহ ও উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, দলীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে। এ ধরনের অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.