নড়াইল প্রতিনিধি
নড়াইলে বহিষ্কৃত উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ছয় নেতাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ছয়টি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন—লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ এবং নড়াইল সদর পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু।
পুনর্বহালের চিঠিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্র অনুযায়ী গত ৬ আগস্ট তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের নিজ নিজ দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে।
পাশাপাশি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.