নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ‘SheSkills’ কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সোমবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনও জরুরি। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তাঁরা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।
তিনি আরও বলেন, ‘SheSkills’ কর্মসূচির আওতায় নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারেও নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়বে।
নারীদের এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে নারীদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে গড়ে তুলতে হবে। এতে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে তাঁরা ইতিবাচক অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুৎফি চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.