বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। কৃষি খাতের উন্নয়নে সরকারি কার্যক্রমের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন খান বলেন, বিগত দিনগুলোতে তিনি দেখেছেন, উপজেলার কৃষকরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না। বাস্তবে বিভিন্ন ফসলের উৎপাদন খুবই কম। বাকেরগঞ্জের মানুষকে সবজি কিনে খেতে হচ্ছে। নরসিংদী ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে সবজি এনে স্থানীয় চাহিদা পূরণ করতে হচ্ছে। অথচ কাগজে-কলমে কৃষি উন্নয়নের যে চিত্র তুলে ধরা হয়, তার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি মাসে মাঠপর্যায়ে পরিদর্শন করা প্রয়োজন। এতে কৃষকদের সেবার মান বাড়ানো সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির জমাদ্দার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিঞ্চা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি আলীম জোমাদ্দার, উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা এবং বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
অনুষ্ঠানে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে তাঁদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.