মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে ডিপ টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালী বেগমের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে টিউবওয়েল দেওয়ার কথা থাকলেও টাকা দেওয়ার এক বছর পেরিয়ে গেছে। এখনো টিউবওয়েল পাননি ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আবুল কাশেম ও আফজাল মোল্যা এবং পাইটকেলবাড়ী গ্রামের কামাল মোল্যা, খাজা বিশ্বাস ও সোহেল রানাসহ ৭-৮ জনের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেন ইউপি সদস্য শেফালী বেগম। দ্রুত বিশেষ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাসে তাঁরা ওই টাকা দেন।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন অপেক্ষার পরও টিউবওয়েল না পেয়ে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মেজবাহর কাছে টাকা দেওয়ার কথা জানান।
শেফালী বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মেকানিক মেজবাহ সাত দিনের মধ্যে ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তাঁর কথায় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন তিনি। পরে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ডাকুসহ কয়েকজনের উপস্থিতিতে প্রথমে ৫০ হাজার এবং পরবর্তী সময়ে দুই কিস্তিতে মোট ১ লাখ ৯০ হাজার টাকা মেজবাহর হাতে তুলে দেন। ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ডাকুও টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেফালী বেগম আরও বলেন, সাত দিনের কথা বলে মেজবাহ তাঁকে দিনের পর দিন ঘুরিয়েছেন। এভাবে এক বছর পার হলেও টিউবওয়েল দেওয়া হয়নি। অথচ টিউবওয়েল না পাওয়ায় ভুক্তভোগীরা তাঁকেই দায়ী করছেন।
তবে মেকানিক মেজবাহ বিশেষ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নারী ইউপি সদস্যের নামে আটটি ডিপ টিউবওয়েল বরাদ্দ হয়েছে। ওই আটটি টিউবওয়েলের সরকারি খরচ বাবদ প্রতিটির জন্য ৭ হাজার টাকা করে নিয়েছেন তিনি। এখনো কাজ হয়নি। এর বাইরে কোনো টাকা নেননি।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.