নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় এক শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ঝালকাঠির চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনার কয়রা এলাকার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুন জ্বলতে দেখে অন্য ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় আগুন থেকে রক্ষা পেতে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন জানান, দগ্ধ তিনজনকে তাঁদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শামসুল হক ভূঁইয়া ২৩/১১/২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.