মারুফ বিল্লাহ রিফাত, রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। আগামী ২ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’ এ সম্মেলনের আয়োজন করছে। প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করাই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজক শিক্ষার্থীরা জানান, দ্বীনকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপলব্ধি করা, ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিজীবন, সমাজ ও কর্মক্ষেত্রে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের আদর্শ ও ঐতিহ্য পৌঁছে দিতে কাজ করছে ‘ফাতিহ ’২১’।
আয়োজকদের ভাষ্য, ‘ফাতিহ ’২১’ নামটির পেছনে রয়েছে ঐতিহাসিক অনুপ্রেরণা। ইতিহাসের অন্যতম প্রভাবশালী মুসলিম শাসক সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.) মাত্র ২১ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে সাহস, দৃঢ়সংকল্প ও দূরদর্শিতার দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়েই এ নামকরণ করা হয়েছে।
সম্মেলন আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক কমিটির প্রতিনিধি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, “ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য আমাদের। রুয়েট ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরিতে আমরা এ সম্মেলনের উদ্যোগ নিয়েছি। আমাদের অগ্রজ আবাবিল ’১৯ ও সালসাবিল ’২০-এর ভাইদের সূচিত কল্যাণময় ধারাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বিনীত প্রচেষ্টা এটি।”
আয়োজকেরা জানান, গত ২০ নভেম্বর থেকে সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে তাঁদের জন্য পৃথক নির্ধারিত স্থানের ব্যবস্থা রাখা হয়েছে। নিবন্ধন ফি জুনিয়র শিক্ষার্থীদের জন্য ২১ টাকা এবং শুধু ’২১ সিরিজের শিক্ষার্থীদের জন্য ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক ও স্মারক হিসেবে চাবির রিংসহ বিশেষ উপহার প্যাকেজ থাকছে। হলভিত্তিক নির্ধারিত পিকআপ পয়েন্ট থেকে শিক্ষার্থীরা সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন।
আয়োজকদের মতে, প্রকৌশল শিক্ষার পাশাপাশি তরুণদের আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরি করাও জরুরি। জ্ঞান ও মূল্যবোধের সঙ্গে ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক সততার সমন্বয় ঘটানোর প্রত্যাশা থেকেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.