কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৪ হাজার ৫২৫ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মদাহ বিওপির টহল দল ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই রাতে ১২টা ১০ মিনিটে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় মদ ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এদিকে সোমবার ভোর ৫টা ২০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর আগে রোববার রাত ৯টা ৩০ মিনিটে শেওড়াতলা বিওপির টহল দল কাজিপুর পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৪ হাজার ৫২৫ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ৪৭ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.